সশস্ত্র গোষ্ঠীর হাতে যাওয়ার আগেই বাঁশঝাড় থেকে বিজিবির ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার
পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে গোপন আস্তানা থেকে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এসব গোলাবারুদ লুকিয়ে রাখা হয়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্ট সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান সেক্টর কমান্ডার। তাঁর সঙ্গে ছিলেন ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ৩০ মিনিটে দুর্গম ওই এলাকায় তল্লাশি শুরু করে বিজিবির বিশেষ টহল দল। প্রায় তিন ঘণ্টা ধরে পাহাড়ের বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযান চালানোর পর বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালের একটি বাঁশঝাড়ের ভেতর থেকে লুকানো অবস্থায় ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন স্থানে মজুত রাখা এসব গোলাবারুদ কোন পথে এবং কার মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীর হাতে যাওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে বান্দরবান সেক্টর কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ ও বিস্তার ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর। নিয়মিত গোয়েন্দা নজরদারি, ইউনিটগুলোর মধ্যে সমন্বয় এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে পাহাড়ের সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।