পাঁচবিবিতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মণ্ডলের ছেলে। অভিযুক্ত ছোট ভাই নবিরুল ইসলামের বয়স ৫৫ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা নবিরুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।