ভোলাহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী মনোনয়নে ১৩ সদস্যের সার্চ কমিটি গঠন!!
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় একক প্রার্থী মনোনয়নের লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোলাহাট উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি মোহাঃ কাওসারুল ইসলাম রন্জুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী মনোনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করে ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়ন—ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সদস্যরা সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সম্ভাব্য প্রার্থীদের জনসম্পৃক্ততা, সাংগঠনিক অবস্থান ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা যাচাই করে সঠিক তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ও সার্বিক মূল্যায়ন প্রস্তুত করা হবে।
গঠিত ১৩ সদস্যের সার্চ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোঃ খিজির হায়াত মোল্লাকে এবং সদস্য সচিব করা হয়েছে মোঃ আব্দুল হান্নানকে। কমিটির অন্যান্যরা হলেন, সদস্য—মোঃ সোহরাওয়ার্দী, মোঃ তোফিকুল ইসলাম, মোঃ মুনিরুজ্জামান, মোঃ আব্দুস সালাম, মোঃ আশরাফুল হক, মোঃ ফরহাদ আলম বিশ্বাস, মোঃ বাবুল আলী, মোঃ মোমিনুল ইসলাম, মোঃ জমসেদ আলী, মোঃ শহিদুল্লাহ ও মোঃ মজনু মিয়া।
আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে সার্চ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত একটি বস্তুনিষ্ঠ লিখিত প্রতিবেদন উপজেলা বিএনপির সভাপতির কাছে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোহাঃ কাওসারুল ইসলাম রন্জু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান তিনি।