রাঙামাটিতে সাবেক তথ্যমন্ত্রীর চাচাতো ভাই গ্রেপ্তার
রাঙামাটির রাজস্থলী থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আলি তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। অভিযানে সহযোগিতা করে রাজস্থলী থানা পুলিশ।
রাজস্থলী থানার উপপরিদর্শক নুরজামান জানান, সাজ্জাদ আলি তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি রাজস্থলী এলাকায় অবস্থান করছেন—এমন খবর পেয়ে মধ্যরাত থেকে বাসস্টেশন এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। পরে শনিবার সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সকাল ১০টার দিকে সাজ্জাদ আলি তালুকদারকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার সাজ্জাদ আলি তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকার হাজির আমির হোসেন বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইসহাক তালুকদার।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের করা মামলাটিতে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে সংশ্লিষ্ট থানায় তদন্তাধীন।