লামায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বান্দরবানের লামায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) লামা উপজেলা শাখার উদ্যোগে সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি লামা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, সম্প্রীতি, ন্যায়বিচার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নত পার্বত্য চট্টগ্রাম গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার আদায় ও পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রাজু হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক মো. মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে দেশ, জাতি, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।