শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গঠনের ঘোষণা

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP31-এ এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও জলবায়ু আন্দোলনের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ (AYC)। জলবায়ু ন্যায়বিচার, তরুণ নেতৃত্ব এবং সম্মিলিত জলবায়ু কার্যক্রম এগিয়ে নেওয়াই নতুন এই জোটের মূল লক্ষ্য।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তুরস্কের আন্তালিয়ায় ‘From Mountains to Sea: Bringing Asia-Pacific Youth Priorities to the UNFCCC’ শীর্ষক সংবাদ সম্মেলনে জোটটির উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। এতে মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকদের তথ্যমতে, ২০২৬ সালে বাংলাদেশের সংগঠনসহ এশিয়ার ১০টি দেশের ১২টি যুব সংগঠনের সহযোগিতায় এবং বাংলাদেশে অনুষ্ঠিত Regional Conference of Youth (RCOY) APAC 2026-এর অর্জন ও অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে উঠছে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন।

জোটটি এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন, নেটওয়ার্ক ও জলবায়ু অধিকারকর্মীদের একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন, পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

জোটটির অন্যতম লক্ষ্য হলো এশিয়ার বিভিন্ন দেশের যুব সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা তৈরি, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনা (UNFCCC) এবং জাতীয় জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের দাবি তুলে ধরা। পাশাপাশি তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক, আইনি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ প্রচারণা ও আন্তদেশীয় প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি করা।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সদস্যভিত্তিক কাঠামোয় পরিচালিত হবে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন। এতে থাকবে একটি সচিবালয়, নির্বাচিত স্টিয়ারিং কমিটি এবং সদস্য সংগঠন। সাত থেকে নয়টি সদস্য সংগঠনের সমন্বয়ে স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি পাঁচটি বিষয়ভিত্তিক ও উপ-আঞ্চলিক ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে কার্যক্রম সমন্বয় করা হবে।

প্রতি বছর উন্মুক্ত আবেদন প্রক্রিয়ায় নতুন সদস্য অন্তর্ভুক্তির পরিকল্পনাও রয়েছে। জোটটির চূড়ান্ত পরিচালন কাঠামো, সদস্যপদ নীতিমালা ও প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব RCOY APAC-এর সহ-আয়োজক এবং প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে Governance Charter-এ চূড়ান্ত করা হবে।

এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্বল্পোন্নত দেশ (LDCs), ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র (SIDS), আদিবাসী জনগোষ্ঠী, নারী নেতৃত্বাধীন সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বাধীন বা তাঁদের নিয়ে কাজ করা সংগঠনসহ প্রান্তিক ও কম প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীর যুব সংগঠনগুলোর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতে।

আয়োজকদের মতে, এশিয়ার তরুণদের জলবায়ু আন্দোলনকে সুসংগঠিত করা, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সম্মিলিত কণ্ঠস্বর তৈরি করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

‘আমাদের অঞ্চল, আমাদের কণ্ঠস্বর, আমাদের সম্মিলিত ভবিষ্যৎ’—এই প্রত্যয়কে সামনে রেখে আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রমে এশিয়ার তরুণদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন।

ক্যাটাগরি