কাপ্তাই শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চৌধুরীছড়া এলাকায় অবস্থিত শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়।
শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা আক্তারের আয়োজনে এবং ৩৮ বীরের অধিনায়ক ও কাপ্তাই জোন কমান্ডারের নেতৃত্বে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষায় কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলার কথা রয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুটি পৃথক দল—‘ক’ ও ‘খ’ দলে বিভক্ত করা হয়েছে। উভয় দলের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনকারী একজন করে শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হবে।
এছাড়া পরীক্ষায় ৮০ শতাংশ বা তার বেশি নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের ট্যালেন্টপুল বৃত্তি এবং ৬০ শতাংশ বা তার বেশি নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের সাধারণ বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে প্রাইজবন্ড দেওয়া হবে।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও প্রাইজবন্ড তুলে দেওয়া হবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।