আলীকদমে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও টিকাদান কর্মসূচি
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক এলাকায় সীমান্তবর্তী পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রেমাক্রি ইউনিয়নের মদক এলাকায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে ১৮টি পাড়ার ৫০ জনের বেশি শিশুকে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ প্রায় ৭৫ থেকে ৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে ব্যাটালিয়নটি।
এরই ধারাবাহিকতায় মদক এলাকার দুর্গম জনপদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ০ থেকে ১১ বছর বয়সী শিশুদের সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বিভিন্ন টিকা দেওয়া হয়। এ সময় হাম-রুবেলা, টাইফয়েড, সার্ভিক্সসহ অন্যান্য টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার অনেক মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন। এ ধরনের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চিকিৎসাসেবার আওতায় আনার পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
৫৭ বিজিবি জানায়, পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়।