শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লক্ষ্মীপুরে ১১টি শক্তিশালী বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করলো প্রশাসন

লক্ষ্মীপুরের রায়পুরে দুধের কৌটায় ভরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে ৬টি বড় ও ৫টি ছোট বোমা ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল বেপারীর খেয়াঘাটের উত্তর পাশে একটি খালি ফসলি জমিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাগুলো নিষ্ক্রিয় করে।

থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

পরে সাইফুল ইসলাম নামে এক যুবক বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
সুজনের বাড়ি ভোলা সদর উপজেলায়।

যে বাড়ির উঠান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি ভাড়া থাকতেন। সোমবার (৯ নভেম্বর) তার থাকার ঘর থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। সুজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী ও তার ছেলে উপজেলা কৃষকদলের সাবেক সদস্যসচিব শামীম গাজীর নামও রয়েছে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠানের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমাভর্তি দুটি দুধের কৌটা উদ্ধার করা হয়। এরপর থেকে সেগুলো পুলিশ পাহারায় রাখা হয়। আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়।

বুধবার (১১ নভেম্বর) রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে সুজনসহ কয়েকজন যুবক ওই বাড়িতে ভাড়া থাকতেন। তারা বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন। বাড়ির আশপাশে যাতে কেউ যেতে না পারে, সে ব্যবস্থাও ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন চলাফেরা বা যোগাযোগ ছিল না। এ কারণে স্থানীয় কেউ তাদের ভালোভাবে চিনতেন না।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সুজন নামে এক যুবক তিনজনকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় তাকে আটক করে পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং একই বাড়ির উঠান থেকে ১১টি বোমাভর্তি দুটি টিনের কৌটা উদ্ধার করা হয়। উদ্ধার করা বোমাগুলো ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করেছে। বিশেষজ্ঞ দল নিশ্চিত করেছে, বোমাগুলো শক্তিশালী আইইডি ছিল।

ক্যাটাগরি