মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বান্দরবানে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

পাহাড়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘এনপিবি নিউজ’-এর প্রথম বর্ষপূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় বান্দরবান প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এন এ জাকির, সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী ও সাংবাদিক মিনারুল হক। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কেক কেটে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তির শুভ সূচনা করা হয়। পরে এনপিবি নিউজের বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছের পক্ষ থেকে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এবং বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান বলেন, বর্তমান যুগে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন একটি বড় চ্যালেঞ্জ। এনপিবি নিউজ তাদের পথচলার প্রথম বছরেই বান্দরবানের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমস্যাগুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরেছে, যা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনগুলোতেও জনকল্যাণমূলক ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম ও সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, পাহাড়ি অঞ্চলের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে অনলাইন নিউজ পোর্টালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁরা এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বক্তারা আরও বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে কাজ করা। এনপিবি নিউজ আগামী দিনেও পাহাড়ের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ক্যাটাগরি