জলিল টেক্সটাইলের শ্রমিকদের পাওনা দ্রুততম সময়ে পরিশোধ করতে হবে: চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ
জলিল টেক্সটাইল মিলসের ১ হাজার ৭৩ জন শ্রমিক-কর্মচারীর দীর্ঘদিনের পাওনা দ্রুততম সময়ে পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর।
আজ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে দীর্ঘদিন বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের প্রায় ৫৫ একর জমিতে দেশের দ্বিতীয় আধুনিক সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে নতুন এই কারখানা প্রতিষ্ঠার পূর্বেই শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের পাওনা পরিশোধ করতে হবে।
নেতৃদ্বয় বলেন, শ্রমিকদের দুরবস্থার বিষয়টি আর উপেক্ষা করা যায় না। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগের মধ্যে জীবন অতিবাহিত করছেন।
তারা আরও বলেন, ২০১২ সালের ৩০ জুন শ্রম মন্ত্রণালয়ের অডিট ফার্মের নিরীক্ষা অনুযায়ী ১ হাজার ৭৩ জন শ্রমিক-কর্মচারীর প্রায় ২০ কোটি ৫৭ লাখ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে বকেয়া মজুরি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ বিভিন্ন ধরনের পাওনা রয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এসব পাওনা পরিশোধ না হওয়া শ্রমিকদের জন্য অত্যন্ত কষ্টকর।
তারা বলেন, শ্রমিকদের শ্রমের বিনিময়ে অর্জিত পাওনা তাদের ন্যায্য অধিকার। নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠার উদ্যোগের পাশাপাশি জলিল টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের পাওনা পরিশোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি।
এস এম লুৎফর রহমান ও আবু তালেব চৌধুরী জলিল টেক্সটাইল মিলসের ১ হাজার ৭৩ জন শ্রমিক-কর্মচারীর প্রায় ২০ কোটি ৫৭ লাখ টাকা পাওনা দ্রুততম সময়ে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।