শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাজস্থলীতে চাকরির নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত সাংবাদিক!

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খানের বিরুদ্ধে আরএমপি (RMP) প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মনোয়ারা বেগম।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৭ মে মনোয়ারা বেগমের মেয়ে পারভীন আক্তারকে আরএমপি প্রকল্পে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আজগর আলী খান তার কাছ থেকে অগ্রিম ৭ হাজার টাকা নেন এবংপরে আরও ৩ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।। ওই টাকা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে তাকে জানানো হয়েছিল।

মনোয়ারা বেগমের দাবি, সরকার পতনের কারণে তখন নিয়োগ হয়নি বলে তাকে জানানো হয়েছিল। পরে আবারও মেয়ের চাকরি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। মেয়ের কর্মসংস্থানের আশায় ধারদেনা করে তিনি ওই টাকা দিয়েছিলেন।

ভুক্তভোগী মনোয়ারা বেগম বলেন, ২০২৪ সালের ২৭ মে আমার মেয়ের চাকরির জন্য সাংবাদিক আজগরকে ৭ হাজার টাকা দিয়েছি। তিনি বলেছিলেন, আমার মেয়ের চাকরি নিশ্চিত হবে বলেছিল কিন্তু সরকার পতনের কারণে তখন চাকরি হয়নি বলে জানান। পরে বর্তমানে আবারও মেয়ের চাকরি হবে বলে আশ্বাস দিয়েছিলেন।

তিনি আরও বলেন, তার মেয়ে পারভীন আক্তারের স্বামী নেই। দুই সন্তানকে নিয়ে সংসার চালাতে তাকে হিমশিম খেতে হচ্ছে। বড় মেয়ে অষ্টম শ্রেণিতে এবং ছোট ছেলে শিশু শ্রেণিতে পড়ে। এমন পরিস্থিতিতে চাকরির আশায় দেওয়া টাকা ফেরত না পাওয়ায় পরিবারটি আর্থিক সংকটে পড়েছে।

এ ঘটনায় মনোয়ারা বেগম তার মেয়েকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসানের কাছে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে ইউএনও ইউছুফ হাসান বলেন, বৃহস্পতিবার সকালে এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগকারী জানিয়েছেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া হলেও চাকরি হয়নি। তাই তিনি অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করে দেওয়ার আবেদন করেছেন।

ইউএনও আরও বলেন, একই দিন বিকেলের পর অভিযোগের বিষয়টি নিশ্চিত হতে অভিযুক্ত ব্যক্তি আমাকে ফোন করেন। তিনি অভিযোগকারীকে নেওয়া টাকা ফেরত দিতে চান বলে জানিয়েছেন। অফিস শেষে বাসায় চলে আসায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি।

ক্যাটাগরি