কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ এম খায়রুল হক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবনের অপরাধে সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মো. শফিকুর রহমানকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। লক্ষণ ঋষি দাস, মো. ইকবাল, মো. ফয়েজ ও মো. আলাউদ্দিনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. জসীম উদ্দিনকে তিন দিন এবং ইয়াছমিন আক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল এ তথ্য জানিয়েছেন।
মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এ উদ্যোগকে শহরে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।