রামুর কচ্ছপিয়া থেকে ৩ লাখ পিস ইয়াবা নিয়ে নারী গ্রেপ্তার
কক্সবাজারের রামুতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুনিয়াছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক কারবারিদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে খালেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার খালেদা বেগম ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর এসআরবি-১৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে।
গ্রেপ্তার নারীকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।