রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে আব্দু রশিদ (৫৫) প্রকাশ খুইল্যা মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের সঙ্গে থাকা তাঁর শ্যালক জানান, প্রতিদিনের মতো তাঁরা কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন। এ সময় বন থেকে একদল বন্যহাতি ধানখেতে চলে আসে। ধানখেত থেকে হাতিগুলোকে তাড়াতে গেলে আব্দু রশিদ হাতির আক্রমণের শিকার হন।
তাঁর শ্যালক পালিয়ে প্রাণে বাঁচলেও আব্দু রশিদ পালাতে পারেননি। পরে স্থানীয়দের খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।
ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দু রশিদ।
নিহতের মরদেহ তাঁর বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে ঈদগড় রেঞ্জের বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত আব্দু রশিদ চার ছেলে ও এক মেয়ের জনক। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে