শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে অচেতন, পূরবী জুয়েলার্স থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাজধানীর ধানমন্ডিতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পূরবী জুয়েলার্স থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংগস প্লাজায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দোকান মালিকের অভিযোগ অনুযায়ী, চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি। এ ঘটনায় শপিং মলের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। সম্পৃক্ততার সন্দেহে আরও চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণালংকারের পাশাপাশি নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরি হয়েছে।

দোকানটির ম্যানেজার সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন দোকানের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং অন্য দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। পাশাপাশি আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি শনাক্ত হয়েছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে চোরদের দোকানে প্রবেশে সরাসরি সহযোগিতা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। চুরির ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ক্যাটাগরি