মাদারীপুরে আ.লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা, টেকেরহাট বন্দরে শতাধিক পুলিশ ও আনসার মোতায়েন ঢাকা–বরিশাল মহাসড়কে রাতভর টহল ও নজরদারি জোরদার।
মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মাঠে মোতায়েন করা হয়েছে শতাধিক ব্যাটালিয়ন আনসার সদস্য।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের উত্তরপাড় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা–বরিশাল মহাসড়কের টেকেরহাট উত্তরপাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় রাতভর টহল ও নজরদারি অব্যাহত রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করছেন জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রাজৈর থানার পুলিশ কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
অন্যদিকে, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাতটি জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল, তল্লাশি ও নজরদারি চালাচ্ছেন।
রাজৈর ও টেকেরহাট এলাকায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর এমন তৎপরতায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।