রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন
কক্সবাজারের রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমী, হিফজখানা ও এতিমখানার দশম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সভা, অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিকলঘাট রামু ইকরা মডেল একাডেমীর নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল মান্নান। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব মাস্টার হাকিম মিয়া, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, নাঈম উদ্দিন মাহমুদ ও হাফেজ এরশাদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী শিক্ষা ও সংস্কৃতির আলোয় আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান সফলতার সঙ্গে এক দশক পূর্ণ করেছে। দ্বীনি শিক্ষার প্রসার ও প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অভিভাবক ও সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
এ সময় প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, হাদিস, দোয়া-মাসায়িল, ইসলামী সংগীত ও সুন্দর হস্তলিপি প্রদর্শনী অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, শিশুদের শৈশব থেকেই কুরআন-সুন্নাহর আলোয় গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।