বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

রামুতে যাত্রীবেশে ১০ হাজার ইয়াবা পাচার, ৬৫ বছরের বৃদ্ধ আটক

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনি বাসে যাত্রীবেশে বসে ইয়াবা পাচারের সময় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘জনতা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী মিনি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজপাড়া ফাতের ঘোনা এলাকার বাসিন্দা। তার বাবা মৃত আমির হোসেন এবং মা মৃত কুলসুমা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, রামু রাবার বাগানে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা মিনি বাসটির এ-৩ নম্বর আসনে বসেছিলেন আব্দুর রাজ্জাক। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আব্দুর রাজ্জাকের ডান পায়ের হাঁটুর ওপর স্কচটেপ ও ব্যান্ডেজ দিয়ে মোড়ানো চারটি স্বচ্ছ পলিপ্যাকে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একই কৌশলে বাম পায়ের হাঁটুর ওপর আরও ৪ হাজার পিস ইয়াবা লুকানো ছিল। এছাড়া তার পরিহিত লুঙ্গির ডান কোঁচরে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি জিপারলক প্যাকেটে আরও ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন উপপরিচালক সোমেন মন্ডল।

ক্যাটাগরি