বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

রাঙামাটিতে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন চন্দন দাশ (৩৮), সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি পৌর কৃষক লীগ; মো. পারভেজ মোশারফ হোসেন (২৫), আরিয়ান রিয়াজ (২৪), যিশু চৌধুরী (৩০), মো. রাকিব (১৯) ও নাজমুল সাকিব রাফি (২৪), বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সদস্য; মো. হানিফ (৩৬), সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি পৌর যুবলীগ এবং মো. সেলিম (৫৫), শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ এবং রাঙামাটি পৌর যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি মো. সাদ্দাম হোসেন রয়েছেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। এ অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, সাংগঠনিক কার্যক্রমের ধরন কিংবা পৃথক কোনো মামলার বিস্তারিত তথ্য পুলিশি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ আরও জানায়, রাঙামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ক্যাটাগরি