শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

হাসপাতালের ভেতর অবাধে ইয়াবা সেবন: নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন স্থানীয়রা

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:_
যেখানে মানুষ আসেন আরোগ্য লাভ করতে, সেই স্পর্শকাতর সরকারি হাসপাতালেই গড়ে উঠেছে মাদক সেবনের নিরাপদ সাম্রাজ্য! বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের চতুর্থ তলা এখন মাদকসেবীদের অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। অনুসন্ধানে সেখানে সরাসরি মাদকসেবীদের ধরা না গেলেও মিলেছে ইয়াবা সেবনের নানা আলামত। তবে তীব্র জনবল সংকটের কারণেই পুরো ভবনে পর্যাপ্ত নজরদারি চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নবনির্মিত ভবনের নির্জন চারতলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন কোণে ও আড়ালে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, পোড়া দিয়াশলাইয়ের কাঠি এবং মাদকের অন্যান্য উপাদান। স্থানীয়দের অভিযোগ, একটি নির্দিষ্ট চক্র দীর্ঘদিন ধরে হাসপাতালের এই নির্জন পরিবেশকে মাদক সেবনের নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করে আসছে।

একটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে রাত-দিন কীভাবে মাদকসেবীরা অনায়াসে আনাগোনা করে, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও রোগীদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিরাপত্তাবেষ্টনী ডিঙিয়ে নিয়মিত এমন বেআইনি কর্মকাণ্ড চলায় হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

ঘটনার বিষয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচসি) ডাঃ মোহাম্মদ হানিফের সাথে যোগাযোগ করা হলে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, এই চক্রের পেছনে থাকা মদদদাতা ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​তবে সিকিউরিটি ও পরিচ্ছন্নতার চরম সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এত বড় একটি স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র একজন ক্লিনার ও একজন নাইটগার্ড দিয়ে পরিচালিত হচ্ছে। প্রশাসনিক সুবিধার্থে ও পরিচ্ছন্নতা বজায় রাখতে আমি নিজ অর্থায়নে অতিরিক্ত দুজন ক্লিনার নিয়োগ দিয়েছি। কিন্তু এত বিশাল ভবনে সামান্য এই জনবল দিয়ে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ও সুষ্ঠুভাবে হাসপাতাল পরিচালনা করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।”

হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনতে এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সিকিউরিটি গার্ড নিয়োগ এবং মাদকের সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন আলীকদমের সুশীল সমাজ।

ক্যাটাগরি