শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘তৌহিদ ডাকাত’ গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার ও গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ ‘তৌহিদ ডাকাত’কে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লুণ্ঠিত আরেকটি মোটরসাইকেল ও স্বর্ণের রঙের ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত বাহিনী সক্রিয় ছিল। তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৫টির বেশি মামলা রয়েছে। চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানাও ছিল।

২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিনকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি তিনি। এ ছাড়া চকরিয়ার বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, লুণ্ঠিত ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ মোটরসাইকেল এবং তিনটি ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অপরাধলব্ধ অর্থে চকরিয়া ও বান্দরবানের লামায় বাড়িসহ বিভিন্ন সম্পদ গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। তার সহযোগীদের শনাক্ত ও সম্পদের উৎস অনুসন্ধানে তদন্ত চলছে।

ক্যাটাগরি