মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে গালিগালাজ ও হুমকির অভিযোগ

রাঙামাটিতে নিজ বাসার সামনে দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে প্রতিবেশীর বাধা, মোবাইল ফোন কেড়ে নেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন মোঃ সাইমুন ইসলাম। এ ঘটনার পর তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এ অবস্থায় ঘটনার নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাইমুন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে মোঃ সাইমুন ইসলাম জানান, গত ২৩ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে নিজ বাসার সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধজনিত দুর্ভোগের চিত্র ছবি ও ভিডিওর মাধ্যমে ধারণ করছিলেন তিনি। এ সময় এক প্রতিবেশী তাঁকে ভিডিও ধারণে বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন। একপর্যায়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।

সাইমুন আরও জানান, ঘটনার পর একই বিষয়ে তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

তিনি বলেন, দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার কারণে সৃষ্ট জনদুর্ভোগের চিত্র তুলে ধরাই ছিল তাঁর উদ্দেশ্য। কোনো ব্যক্তি বা পরিবারের সঙ্গে বিরোধ সৃষ্টি কিংবা কাউকে হয়রানি করা তাঁর লক্ষ্য ছিল না। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মোঃ সাইমুন ইসলাম ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, মোবাইল ফোন নিয়ে নেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ যাচাই, তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের যথাযথ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান।

তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ক্যাটাগরি