আলীকদমে ‘কাগুজে প্রকল্পে’ ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ
বান্দরবানের আলীকদম উপজেলায় গ্রামীণ সড়ক সংস্কারের একটি প্রকল্পে বাস্তব কাজ না করেই সরকারি বরাদ্দের ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রকল্পের সভাপতি দাবি করেছেন, তিনি প্রকল্পস্থলে না গিয়েও তার নামে বিল উত্তোলন করা হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারের নামে বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ হয়নি।
২০২৫-২৬ অর্থবছরে কাবিটা কর্মসূচির নির্বাচনি প্রথম পর্যায়ে ‘থানচি সড়ক হতে রেংরই মেম্বার পাড়ার অভিমুখে রাস্তা সংস্কার’ শীর্ষক প্রকল্পে ২ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের সাইনবোর্ডে সভাপতি হিসেবে রেহেনা বেগমের নাম উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রকল্পের বরাদ্দের অর্থও তার নামে ছাড় করা হয়েছে।
তবে প্রকল্পের সভাপতি রেহেনা বেগমের দাবি, প্রকল্প বাস্তবায়নের সময় তিনি ঘটনাস্থলে যাননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম নিজেই কাজটি করেছেন এবং তার নামে বিল উত্তোলন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা মেনকাত ম্রো জানান, ওই প্রকল্পের আওতায় কোনো কাজ হতে তারা দেখেননি। দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, আলোচিত প্রকল্পটিও একই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত।
প্রকল্পের নাম নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য রেংরই ম্রো। তিনি জানান, প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘রেংরই মেম্বার পাড়ার অভিমুখে রাস্তা সংস্কার’, অথচ তার নামে কোনো পাড়া নেই। তার পাড়ার নাম মেনকেউ ম্রো পাড়া। গত অর্থবছরে ওই পাড়ার যোগাযোগ সড়ক সংস্কারে কোনো কাজ হয়নি বলেও দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিল দেওয়ার আগে তিনি প্রকল্পের কাজ তদন্ত করেছেন। তদন্তের পরই বিল ছাড় করা হয়েছে। তবে প্রকল্পের সভাপতি কাজের সময় ঘটনাস্থলে যাননি এবং স্থানীয়রা কোনো কাজ হতে দেখেননি—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাজ না হয়ে থাকলে তিনি পুনরায় তদন্ত করবেন।
এদিকে প্রকল্প বাস্তবায়নের জন্য ভুয়া মাস্টাররোল তৈরি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সরকারি প্রকল্পে শ্রমিকের উপস্থিতি, কাজের বিবরণ ও ব্যয়ের হিসাব যাচাইয়ের গুরুত্বপূর্ণ নথি হিসেবে মাস্টাররোল ব্যবহৃত হয়। এ নথির যথাযথ যাচাই হলে প্রকল্পের বাস্তবায়ন ও অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয়দের অভিযোগ, আলীকদমে গত অর্থবছরেও কাজ না করে একাধিক প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। আলীকদমের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম স্যারের বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই পাওয়া যায়নি।
এ বিষয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সব প্রকল্প সরেজমিন দেখা ইউএনও’র পক্ষে সম্ভব হয় না। পিআইও দপ্তর সরেজমিন ভিজিট করে ছবিসহ প্রতিবেদন দিয়ে থাকে। সে মোতাবেক বিল ছাড় করা হয়। আর যে প্রকল্প নিয়ে অভিযোগ আনা হয়েছে সেটার বিষয়ে উনার সঠিক মনে নেই। এটার সত্যতা যাছাইয়ের জন্য তদন্ত কমিটি করে তদন্ত করে দেখা যেতে পারে।
স্থানীয়দের দাবি, আলোচিত প্রকল্পের বরাদ্দ, বিল-ভাউচার, মাস্টাররোল, পরিদর্শন প্রতিবেদন ও কাজ সমাপ্তির সনদ যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হোক। প্রকল্পের কাজ না হয়ে থাকলে কীভাবে অর্থ ছাড় করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।