রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাঙামাটিতে ডেঙ্গু মোকাবিলায় জেলা পরিষদের ২১০০ পরীক্ষার কিট বিতরণ।

রাঙামাটির ১০ উপজেলার স্বাস্থ্য বিভাগের জন্য ২ হাজার ১০০টি ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব কিট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

রোববার (২২ নভেম্বর) সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সিভিল সার্জন ডা. নুয়েন খীশার হাতে আনুষ্ঠানিকভাবে ডেঙ্গু পরীক্ষার কিটগুলো হস্তান্তর করেন তিনি।

চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, রাঙামাটির অনেক দুর্গম পাহাড়ি এলাকার মানুষ এখনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এসব এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করছে। এমনকি অসুস্থ রোগীদের স্থল, নৌ ও আকাশপথে হাসপাতালে পৌঁছে দিতেও সহযোগিতা করছে। তাই সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাঙামাটিতেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদ প্রয়োজনীয় উদ্যোগ নেবে। যাতে সাধারণ রোগীদের সামান্য জটিলতা দেখা দিলেই ঢাকা কিংবা চট্টগ্রামে ছুটতে না হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করতে ডরমিটরি নির্মাণের পরিকল্পনাও রয়েছে। চিকিৎসকদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা গেলে তাঁরা আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীশা বলেন, বিগত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের মধ্য থেকে রাঙামাটি জেলায় কাউকে পদায়ন করা হয়নি। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক সংকট দূর করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

এ সময় জেলার ১০ উপজেলার স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধ ও শনাক্তকরণ কার্যক্রম, চিকিৎসক সংকট এবং দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলার ১০ উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি