মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প, সেবা পেলেন ১৫০ জন

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী ১৫০ জন নারী-পুরুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবা নয়, বরং নীরবে শরীরে বাসা বাঁধা বিভিন্ন রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও ম্যালেরিয়া পরীক্ষা, যক্ষ্মা রোগ শনাক্তকরণের জন্য কফের নমুনা সংগ্রহ এবং নারীদের জরায়ুমুখের ক্যানসার পরীক্ষা করা হয়।

পাশাপাশি অংশগ্রহণকারীদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

স্বাস্থ্যসেবার সুযোগ থেকে অনেক সময় দূরে থাকা পাহাড়ি ও প্রান্তিক জনপদের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। কারণ, সময়মতো রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক পরামর্শ একজন মানুষকে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে। মিতিঙ্গাছড়ির এ আয়োজন সেই প্রয়োজনীয়তাকেই সামনে নিয়ে এসেছে।

স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি এবং মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজের কনসালট্যান্ট মনজুরুল হক। এ ছাড়া মেডিকেল অফিসার, নার্স, নার্সিং কর্মকর্তা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারীসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মীরা চিকিৎসাসেবা প্রদানে দায়িত্ব পালন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, “একটি মডেল ভিলেজের অন্যতম লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে এবং প্রাথমিক পর্যায়ে বিভিন্ন রোগ শনাক্ত করা সম্ভব হবে। জনকল্যাণে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, “স্বাস্থ্যসেবা শুধু হাসপাতালকেন্দ্রিক না রেখে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগের প্রাথমিক শনাক্তকরণ ও সচেতনতার মাধ্যমে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব। মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজের এ স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ১৫০ জনকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে।

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্টদের মতে, একটি সুস্থ ও সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে চিকিৎসাসেবার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি। মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজের এ স্বাস্থ্য ক্যাম্প প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নে সমন্বিত উদ্যোগের গুরুত্বও তুলে ধরেছে।

ক্যাটাগরি