জয়পুরহাট ২০ বিজিবির অভিযানে এক মাসে প্রায় ৯ কোটি টাকার পণ্য জব্দ, আটক ১৭
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক মাসে প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছেন। এসব অভিযানে অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ বিজিবির আওতাধীন সীমান্তের বিভিন্ন এলাকায় গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এক মাসে অভিযান পরিচালনা করে মোট ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২ পিস অ্যাম্পুল ইনজেকশন, বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ ৩১২ বোতল এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ১৭৩ বোতল। এ ছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ ৩৯০ কেজি ওজনের ছয়টি বেলে/কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, এসব অভিযান পরিচালনাকালে অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।