রাঙামাটি কলেজের যাত্রী ছাউনিতে দোকান,তিন লাখ টাকায় ভাড়া।
রাঙামাটি সরকারি কলেজের সামনে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের জন্য নির্মিত যাত্রী ছাউনির জায়গা সংকুচিত করে দোকান নির্মাণ এবং তা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির বিরুদ্ধে। এতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও গণপরিবহনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
শুক্রবার রাতে সরেজমিনে দেখা যায়, যাত্রীদের বসা ও অপেক্ষার জন্য নির্ধারিত ছাউনির একাংশে নতুন করে দোকান নির্মাণ করা হয়েছে। এতে ছাউনিটির ব্যবহারযোগ্য জায়গা আগের তুলনায় কমে গেছে।
স্থানীয়দের ভাষ্য, আগে ছাউনিতে পর্যাপ্ত জায়গা থাকায় শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা সহজেই বসে যানবাহনের জন্য অপেক্ষা করতে পারতেন। তবে নতুন দোকান নির্মাণের পর সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে। বিশেষ করে কলেজ ছুটির সময় শিক্ষার্থী ও যাত্রীদের অপেক্ষা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।
এ বিষয়ে যাত্রী ছাউনির পুরোনো দোকান ‘মেহমান স্টোর’-এর ভাড়াটিয়া শাহ আলম জানান, প্রায় ৪০ বছর ধরে তিনি ওই এলাকায় ব্যবসা করছেন। তাঁর দাবি, আগে যাত্রী ছাউনিটি তুলনামূলক বড় ছিল। প্রায় দুই মাস আগে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন কমিটি দায়িত্ব নেয়। এরপর অতিরিক্ত দোকান ভাড়া আদায়ের উদ্দেশ্যে সেখানে আরেকটি দোকান নির্মাণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে যাত্রী ছাউনির জায়গা সংকুচিত হয়েছে।
অন্যদিকে, নতুন দোকানের ভাড়াটিয়া শুভর বাবা বাচ্চু জানান, তাঁরা তিন লাখ টাকা সালামিতে দোকানটি ভাড়া নিয়েছেন। এর মধ্যে দুই লাখ টাকা পরিশোধ করেছেন এবং বাকি এক লাখ টাকা পরিশোধ করবেন। লিখিত চুক্তির মাধ্যমেই দোকানটি ভাড়া নেওয়া হয়েছে বলে জানান তিনি।
দোকান নির্মাণ এবং যাত্রী ছাউনির জায়গা সংকুচিত করার অভিযোগের বিষয়ে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির সভাপতি মো. ফাহিমের বক্তব্য জানতে কয়েক দফায় ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এদিকে, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাসিমুল হক জানান, তাঁরা আগের রাতে বিষয়টি জানতে পেরেছেন। খোঁজ নিয়ে জানতে পেরেছেন, জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের অধীন। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাহাত আলম বলেন, “বিষয়টি আমি অবগত নই। আমি এখনই খবর নিচ্ছি।” সরকারি জায়গায় অবৈধভাবে যাত্রী ছাউনি দখল করে দোকান নির্মাণ করা হয়ে থাকলে এ বিষয়ে দাপ্তরিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সচেতন মহলের দাবি, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাত্রী ছাউনিটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। তাঁদের মতে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নির্বিঘ্নে বসা এবং যানবাহনের জন্য অপেক্ষা করার সুবিধা নিশ্চিত করা জরুরি।
সর্বশেষ অবস্থা: দোকান নির্মাণের অভিযোগের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে খোঁজ নেওয়ার কথা জানানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী ব্যবস্থা গ্রহণের তথ্য পাওয়া যায়নি।