পাঁচবিবি বিয়াম স্কুলের কোমলমতি শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ইউএনও কাশপিয়া তাসরিন
মোঃ আজাদ আলী, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়াম স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। তাঁর আকস্মিক উপস্থিতিতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় তিনি শিশুদের সঙ্গে হাসিমুখে কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে অবহিত হন।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিদর্শনকালে তিনি একে একে বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানও করেন তিনি। তাঁর আন্তরিকতা ও পাঠদানের কৌশলে শিশুরা মুগ্ধ হয়ে আনন্দের সঙ্গে পাঠে অংশ নেয়।
এ সময় ইউএনও শিক্ষকদের আন্তরিকতা ও যত্নের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করার পরামর্শ দেন। তিনি বলেন, শিশুদের মেধা ও মনন বিকাশে পাঠদানের পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
প্রতিষ্ঠার পর থেকে প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা বিদ্যালয়টি বিভিন্ন কারণে বর্তমানে আগের অবস্থান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ও শিক্ষার মান ফিরিয়ে আনতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের ওপর গুরুত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ বিষয়ে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ফারহানা আফরিন, শিক্ষক, তাৎক্ষণিকভাবে উপস্থিত পরিচালনা কমিটির কয়েকজন সদস্য এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, কৃষি শিক্ষা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে হাতে-কলমে শিক্ষা দেওয়ার কার্যক্রম গ্রহণের পরামর্শ দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।