টেকনাফে ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আঠারো ঘরপাড়া সীমান্তসংলগ্ন ধানক্ষেত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার ৪ নভেম্বর জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায় টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল।
এ সময় ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ মো. আবছার উদ্দীন (১৯) ও মো. আদিল (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গত ৬ অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৫টি অভিযানে ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজাসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার এবং ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১৫।