বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামার থেকে ৬০০ মুরগি লুট

মোঃ আজাদ আলী, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে জিম্মি করে একটি মুরগির খামার থেকে প্রায় ৬০০ মুরগি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাঁচবিবি-বরন সড়কসংলগ্ন পৌরসভার রাধাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোরঞ্জন দাস রতনের মালিকানাধীন মুরগির খামারে রাতে ৭-৮ জনের একটি দুর্বৃত্ত দল হানা দেয়। এ সময় খামারের নৈশপ্রহরী বাদল চন্দ্র ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা তাঁর হাত বেঁধে ফেলে এবং চাকু দেখিয়ে চিৎকার করতে নিষেধ করে। একজন তাঁকে চাকু হাতে পাহারায় রাখে। অন্যরা খামারের নিরাপত্তাবেষ্টনীর নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৬০০ মুরগি লুট করে নেয়। পরে সেগুলো খামারের সামনে রাখা একটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত পালিয়ে যায়।

নৈশপ্রহরী বাদল চন্দ্র জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি অনেক চেষ্টা করে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে সকালে খামারের মালিককে বিষয়টি জানান।

খামারের মালিক মনোরঞ্জন দাস রতন জানান, দুর্বৃত্তরা প্রায় ৬০০ মুরগি নিয়ে গেছে। লুট হওয়া মুরগির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি মৌখিকভাবে জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি