কাপ্তাইয়ে চেকপোস্টে ৬ পিস ইয়াবাসহ আটক ১
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ৬ পিস ইয়াবাসহ মো. মনসুর (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান ফরেনার চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মনসুর কাপ্তাইয়ের শিলছড়ি বাজার এলাকার বাসিন্দা। তিনি চেরাগ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙুনিয়া থেকে মোটরসাইকেলে করে কাপ্তাই আসার পথে রেশম বাগান চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় সন্দেহ হলে মোটরসাইকেলের পেছনে বসা মনসুরকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে হালকা গোলাপি রঙের ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে বুধবার (৪ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় কাপ্তাই থানায় মামলা নম্বর ০২, তারিখ ৩ নভেম্বর ২০২৬।