শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

​‘দলের লোক হলেও ছাড় নয়’: বান্দরবানে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির ‘জিরো টলারেন্স’

​হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
যুবসমাজ ধ্বংসকারী মাদক এবং নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান ও ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বান্দরবান জেলা বিএনপি। দল কিংবা রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন—কোনো মাদক কারবারি বা সন্ত্রাসীর সাথে আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির নেতারা।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা বিএনপির উদ্যোগে বান্দরবান জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাহাড়ি শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত হয় এক জনবহুল সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ।

মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, “মাদক ও সন্ত্রাস আজকের যুবসমাজ তথা পুরো দেশের ভবিষ্যৎকে অন্ধকার গলিতে ঠেলে দিচ্ছে। এই ব্যাধির সাথে যুক্ত ব্যক্তি যে-ই হোক না কেন, তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। মাদকসেবী কিংবা মাদক কারবারিদের বিরুদ্ধে বিএনপি কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করবে না।”

মাদকের সর্বগ্রাসী ছোবল থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে শুধু রাজনৈতিক দল নয়, বরং পরিবার, সমাজ ও প্রশাসনকেও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় বার্তা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, সব মত ও পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো নেশন’ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

​সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার ও লিটল কান্তি বিশ্বাসসহ জেলা বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি