রাঙামাটির সাজেকে ফের গোলাগুলি, উত্তপ্ত পাহাড়!
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এ গোলাগুলি চলে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।