শাহপরী দ্বীপ থেকে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি ইঞ্জিনচালিত কাঠের বোট ফেলে পালিয়ে যায়।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের তথ্যমতে, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।