১০ দিনের ব্যবধানে ফের ব্যবসায়ীর নিথর দেহ: হত্যা নাকি আত্মহত্যা?
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তঘেঁষা নিভৃত এলাকা বাইশারীতে মাত্র ১০ দিনের ব্যবধানে আবারও এক ব্যবসায়ীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগার থেকে আবুল কালাম প্রকাশ আবু (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবুল কালাম মূলত কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া (দক্ষিণ বড়বিল) এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ির দক্ষিণ বাইশারীতে বসবাস করছিলেন। চার সন্তানের জনক আবুল কালাম বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই একটি মুদির দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে মসজিদের শৌচাগারের টিনের চালের তিরের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় আবুল কালামের দেহ দেখতে পান স্থানীয় মুসল্লিরা। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
ঘটনার বিষয়ে বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল করিম বান্টু বলেন, “আবু অত্যন্ত শান্ত ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এটি কি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য রয়েছে—তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।”
পুলিশের প্রাথমিক ধারণায় ব্যবসায়িক দেনা কিংবা পারিবারিক কোনো টানাটানিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে কোনো সম্ভাবনাকেই খাটো করে দেখছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুরুল আহসান জানান, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে বাজারের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাইশারীর ছাদুঅং পাড়ার একটি বৌদ্ধ বিহারের মাঠ থেকে জাফর আলম বাবুল নামের এক কাঠ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র ১০ দিনের মাথায় আরও এক ব্যবসায়ীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দাদের মনে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।