শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামা-ফাইতং সড়কের বেহাল দশা, খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ

হাবিবুর রশিদ হিমন,লামা (বান্দরবান):

বান্দরবানের লামা উপজেলার গুরুত্বপূর্ণ লামা-ফাইতং সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের পিচ ও মাটি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফাইতং সড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায়, মুরুং পাড়া এবং বদরটিলা নামক স্থানে সড়কের বেশ কিছু অংশ ভেঙে গেছে। বর্ষাকালে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, প্রতিদিন জীবিকার প্রয়োজনে এই সড়ক দিয়ে তাদের চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় তাদের দুর্ভোগ বেড়েই চলেছে।

ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহকারী আবু তাহের বলেন, “আমাদের জীবন-জীবিকা এই মোটরসাইকেল চালানোর ওপর নির্ভরশীল। কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।”

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমর ফারুক বলেন, “সড়কটির বেহাল অবস্থা নিয়ে প্রায় তিন মাস আগে উপজেলা এলজিইডি অফিসে চিঠি দিয়েছি। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।”

মুরুং পাড়ার কারবারি চিংতক ম্রো বলেন, “আমাদের পাড়া থেকে অসুস্থ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। রাস্তার খারাপ অবস্থার কারণে একজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত এই সড়ক সংস্কার করা জরুরি।”

স্থানীয়দের দাবি, লামা-ফাইতং সড়কটি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া হলে দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং রোগীসহ জরুরি সেবাপ্রার্থীদের দুর্ভোগও কমবে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা যেতে পারে।

ক্যাটাগরি