বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

পারিবারিক বিরোধের জেরে বিষপান, আলীকদমে যুবকের মৃত্যু

লামা-আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে পারিবারিক বিরোধের জেরে প্যারাকোয়াট বিষপানের পর আরাফাত মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরাফাত মিয়া উপজেলার ১ নম্বর আলীকদম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেঠান সর্দার পাড়ার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে নিজ বসতঘরে প্যারাকোয়াট বিষপান করেন আরাফাত। তবে পারিবারিক বিরোধের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্বজনরা জানিয়েছেন, আরাফাতের দুই স্ত্রী রয়েছে।

বিষপানের পর আরাফাত বাড়ি থেকে বের হয়ে পানবাজার এলাকায় চলে যান। সেখানে ইউসুফ আলীর হোটেলে গিয়ে তিনি ভাত খান। পরে পানবাজার-কলারঝিরি মোড়ের একটি ছাউনির নিচে অবস্থান করেন।

এ সময় স্থানীয় কয়েকজন তার আচরণ ও শারীরিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন। তারা বিষয়টি জানতে চাইলে আরাফাত বমি বমি ভাবের কথা জানান। পরে তিনি বমি করলে বিষপানের বিষয়টি স্থানীয়দের কাছে জানা যায় বলে স্বজনরা জানান। এরপর স্থানীয়রা তার পরিবারের সদস্যদের খবর দেন।

নিহতের ভাগিনা মো. তারেক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা দ্রুত আরাফাতকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরবর্তীতে চট্টগ্রামে নেওয়ার পথে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিউল আলম বলেন, রোগীর শরীরে প্যারাকোয়াট বিষের প্রতিক্রিয়া বেশি ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টার দিকে পেঠান সর্দার পাড়ায় নিজ বসতঘরে বিষপান করেন আরাফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা-নথিতে তার মৃত্যুর কারণ হিসেবে ‘PARAQUAT POISONING’ উল্লেখ করা হয়েছে।

প্যারাকোয়াট কৃষিকাজে ব্যবহৃত এক ধরনের আগাছানাশক। চিকিৎসকরা জানিয়েছেন, এটি পান করলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে।

এদিকে বিষপানের পর আরাফাতের পানবাজারে গিয়ে খাবার খাওয়া এবং পরে কলারঝিরি মোড়ে অবস্থান করার বিষয়টি স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। বিষপানের পরও তিনি কীভাবে সেখানে পৌঁছান এবং স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বর্তমানে আরাফাতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি