মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের মানুষের জনকল্যাণে পাশে থাকবে ৫৭ বিজিবি- লেঃ কর্নেল মেহেদী

হাবিবুর রশিদ হিমন,বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় লিকড়ী ও বুলুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম এলাকায় আয়োজিত এই ক্যাম্পেইনে ১৫০ জনেরও বেশি স্থানীয় সুবিধাবঞ্চিত অধিবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি “অপারেশন উত্তরণ”-এর আওতায় ব্যাটালিয়নটি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।

​এরই ধারাবাহিকতায় আলীকদম ব্যাটালিয়নের অধিনায়কের দিক-নির্দেশনায় লিকড়ী এবং বুলুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত ২১ ও ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইউনিটের মেডিকেল অফিসার কর্তৃক এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার স্বনামধন্য পাড়া কারবারী (হেডম্যান), গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবি সদস্যবৃন্দ সরাসরি উপস্থিত ছিলেন।

​এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইনসহ মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” 

ক্যাটাগরি