লংগদুতে সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২।
অহিদুল ইসলাম অভি-জেলা প্রতিনিধি রাঙামাটি
রাঙামাটির লংগদুতে সৎ বাবা কর্তৃক কিশোরী মেয়েকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা এবং ঘটনা জানাজানি হওয়ার পর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালানো এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—ডানে আটারকছড়া এলাকার মৃত এরফান উদ্দীন চৌধুরির ছেলে অভিযুক্ত সৎ বাবা ফজলুল হক চৌধুরি (৬৫) এবং একই এলাকার জামাল উদ্দীনের ছেলে প্রতিবেশী যুবক শহিদুল (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী তার মায়ের সাথে আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সৎ বাবা ফজলুল হক চৌধুরির বাড়িতেই বসবাস করে আসছিল। গত সপ্তাহে ঘরে একা থাকার সুযোগে ফজলুল হক মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ধারাবাহিকভাবে মেয়েটির ওপর নির্যাতন ও ধর্ষণ চালিয়ে আসছিল বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশী যুবক শহিদুলও সুযোগ কাজে লাগিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয় জানাজানি হলে এলাকাবাসীর সহায়তায় থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, “দীর্ঘদিন ধরেই ভিকটিমের সাথে এ ধরনের নির্মম ঘটনা ঘটে আসছিল। বিষয়টি জানাজানি হলে এলাকার কিছু যুবকও মেয়েটির পিছু নেয় এবং সুযোগ নেওয়ার চেষ্টা করে। খবর পাওয়ার পরপরই লংগদু থানা পুলিশের আভিযানিক দল অভিযুক্ত সৎ বাবা ও ধর্ষণচেষ্টাকারী প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হচ্ছে।