সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

তুমব্রু সীমান্তে ওষুধ পাচারের চেষ্টা নস্যাৎ: ট্রাকভর্তি চালানসহ আটক ৩ পাচারকারী

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:

​বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে ওষুধ পাচারের এক বড় চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ওষুধ, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকায় আন্তর্জাতিক এই পাচারচক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বিজিবি।

​রোববার রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তুমব্রু বিওপির একটি চৌকস দল সীমান্ত পয়েন্ট সংলগ্ন কাস্টমস মোড় এলাকায় এই বিশেষ অভিযান চালায়। বিজিবি জানায়, সীমান্ত পথ ব্যবহার করে রাতে বিপুল পরিমাণ ওষুধ মিয়ানমারে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আগে থেকেই কঠোর নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে সীমান্তমুখী একটি সন্দেহভাজন ট্রাক ওই এলাকায় পৌঁছালে সেটিকে থামার সংকেত দেয় বিজিবির টহল দল। পরবর্তীতে ট্রাকে ব্যাপক তল্লাশি চালিয়ে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ দেশীয় ওষুধ উদ্ধার করা হয়।

​ট্রাকভর্তি ওষুধ পাচারের এই চালানের সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ এলাকার মোঃ হারুন মিয়া (২৬), নাইক্ষ্যংছড়ির স্থানীয় বাসিন্দা জিদান বড়ুয়া (১৮) এবং উখিয়ার মোঃ আকছার। উদ্ধারকৃত ওষুধের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না জানিয়ে ৩৪ বিজিবি-র অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম জানান, চোরাচালান ও সীমান্তভিত্তিক যেকোনো অপরাধ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রাখছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে এবং দেশের সম্পদ রক্ষায় এ ধরনের অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি