বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

নানিয়ারচরে স্কুল প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার

অহিদুল ইসলাম অভি-জেলা প্রতিনিধি রাঙামাটি

রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কনক কুমার চাকমা নানিয়ারচর উপজেলার খামারপাড়া এলাকার মৃত ভুলক চন্দ্র চাকমার ছেলে। হামলায় শরীরের বিভিন্ন জায়গায় এবং কপালেও গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে কয়েকজন ব্যক্তি বিদ্যালয় এলাকায় কনক কুমার চাকমার ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। পরে বিদ্যালয়ের প্রহরীর কক্ষ ও আশপাশের এলাকায় রক্তের দাগ দেখতে পাওয়া যায়।
তবে ঘটনার কারণ নিয়ে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ভিন্ন একটি সম্ভাবনার কথা উঠে এসেছে।

নানিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনক কুমার চাকমার কক্ষ ও আশপাশের এলাকা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার আগে ৪ থেকে ৫ জন ব্যক্তি একসঙ্গে মদ পান করছিলেন। পরে তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হলে কনক কুমার চাকমার ওপর হামলার ঘটনা ঘটে থাকতে পারে। হামলার পর জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ক্যাটাগরি