রহমত উল্লাহ খাজার নেতৃত্বে বাঘাইছড়িতে দীপন তালুকদার দীপুসহ জেলা পরিষদের নবনিযুক্তদের গণসংবর্ধনা
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপুসহ নবনিযুক্ত সদস্যদের বাঘাইছড়িতে উষ্ণ অভ্যর্থনা ও গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার নেতৃত্বে আয়োজিত এ সংবর্ধনায় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের সদস্য ও খেদারমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্টু চাকমাসহ বিএনপির নেতারা বাঘাইছড়ি সফরে গেলে তাদের মিছিল সহকারে বরণ করে নেওয়া হয়।
এ সময় রহমত উল্লাহ খাজার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয়দের অংশগ্রহণে বাঘাইছড়িতে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের স্বাগত জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বাঘাইছড়িতে স্বাগত জানাতেই এ গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সংবর্ধনাটি প্রাণবন্ত হয়ে ওঠে।