রাঙামাটিতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের মাসিক পর্যালোচনা সভা।
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীলতা, সমন্বয় ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।