শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

আজিজনগরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লামা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাদকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে সকালে আজিজনগর ইউনিয়নের প্রধান সড়কে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে লামা থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে *‘মাদকমুক্ত সমাজ গড়ি’*সহ মাদকের ভয়াবহ কুফল ও মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তাসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

র‍্যালিটি আজিজনগর ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

র‍্যালি শেষে আজিজনগর ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধে করণীয় এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিমেল রায়, আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. হামিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে ব্যক্তি ও পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজেও নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ। পরিবার থেকে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও মাদক সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

এসময় তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আজিজনগর ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মাদকবিরোধী এ কর্মসূচির মধ্য দিয়ে আজিজনগর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা আরও জোরদার হবে এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে স্থানীয় জনগণ আরও সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ক্যাটাগরি