পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন, সদস্য দীপন তালুকদার
অহিদুল ইসলাম অভি-জেলা প্রতিনিধি রাঙামাটি
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার। এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটিও গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির চেয়ারম্যানকে সভাপতি করে পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের একজন প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন।
এ ছাড়া তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদেরও কমিটিতে সদস্য করা হয়েছে। এর মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা রয়েছেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পরামর্শক কমিটিকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে সুপারিশ দিতে হবে। এসব বিষয়ে কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটির কাছে সুপারিশ দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে নির্বাহী কমিটি এসব সুপারিশের ভিত্তিতে জাতীয় কর্মকৌশলের খসড়া প্রণয়ন করে জাতীয় কমিটির কাছে উপস্থাপন করবে।
সরকারের গঠিত জাতীয় কমিটিতে অর্থ ও পরিকল্পনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ভূমি, আইন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রাখা হয়েছে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে অন্তর্ভুক্ত করায় স্থানীয়ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
নতুন এ কমিটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা ও সম্প্রীতি-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সমন্বিতভাবে সুপারিশ প্রণয়নের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলো।