কক্সবাজার-রামুর ১৯০ এতিম শিশুর মাঝে ইসলামিক রিলিফের সহায়তা
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু ও সদর উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশের অরফান স্পনসরশিপ প্রোগ্রাম (ওএসপি)-এর আওতায় ১৯০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে স্পনসরশিপ সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। এর আগে গত ৩১ আগস্ট কক্সবাজার সদর উপজেলায় আরও ১৪০ জন শিশুর মাঝে স্পনসরশিপ সহায়তা দেওয়া হয়।
রামু উপজেলা পরিষদে অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তারা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, এমইউপি মো. ইউনুচ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা কর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা অব্যাহত রাখা, শিক্ষা ও মৌলিক প্রয়োজন পূরণ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশের অরফান স্পনসরশিপ প্রোগ্রামের মাধ্যমে এতিম ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নেও সহায়তা করা হচ্ছে।