শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাঙামাটির সাপছড়িতে মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ, যুবসমাজ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে মাদকের অপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে আলোচনা সভা, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় মানিকছড়ি কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকান্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকছড়ি বাজার কমিটির সভাপতি সগির আহাম্মদ, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, জিয়া মঞ্চ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, এর কারণে সৃষ্ট সামাজিক অবক্ষয় এবং বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবার থেকেই সন্তানদের প্রতি নজরদারি ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে একটি র‍্যালি বের করা হয়। পরে সমাবেশের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে স্থানীয় প্রায় ৭০ থেকে ৮০ জন বাসিন্দা অংশগ্রহণ করেন। বক্তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

ক্যাটাগরি