জরুরি সময়ে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে জুরাছড়ির নারীদের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী
অহিদুল ইসলাম অভি-রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটির দুর্গম পাহাড়ি উপজেলা জুরাছড়িতে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ে নারীদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ‘সুস্থ মা, নিরাপদ শিশু’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর) এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে।
দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় ৩০ থেকে ৩৫ জন নারী অংশ নিচ্ছেন। দুর্গম অঞ্চলের নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পাশাপাশি জরুরি সময়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা গড়ে তোলাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
আয়োজকরা জানান, পাহাড়ি এলাকার অনেক পরিবারকে জরুরি প্রয়োজনে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পৌঁছাতে নানা ধরনের ভৌগোলিক ও যোগাযোগগত সমস্যার মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকলে সংকটের সময় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হতে পারে।
জুরাছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাজমুস সাকিব, এএমসি এবং জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মুনতাসির আলমের তত্ত্বাবধানে প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণের বিভিন্ন পর্বে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবারের নারী সদস্যদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদের স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় জ্ঞান অর্জনের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্য ও আশপাশের মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা তৈরির সুযোগ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের পরিবারে অর্জিত জ্ঞান প্রয়োগের পাশাপাশি প্রতিবেশী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও তা ছড়িয়ে দেবেন। এর মাধ্যমে দুর্গম এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এ কার্যক্রম।
আগামী ১৭ আগস্ট পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রমটি চলবে।
সংশ্লিষ্টদের মতে, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় পারিবারিক সচেতনতা গুরুত্বপূর্ণ। একজন মাকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে পারলে এর সুফল পুরো পরিবারে পৌঁছাতে পারে। এ লক্ষ্যেই ‘সুস্থ মা, নিরাপদ শিশু’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।
নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সমাজ গঠনে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।