‘লামায় খেলাফত মজলিশের নাগরিক সমাবেশ, গণভোট বাস্তবায়নের হুঙ্কার মামুনুল হকের’
নজরুল ইসলাম, লামা, বান্দরবানঃ
‘ধর্ম, বর্ণ, ভিন্নমত—সবার জন্য খেলাফত’—এমন নানা স্লোগান ও বক্তব্যের মধ্য দিয়ে বান্দরবানের লামায় বাংলাদেশ খেলাফত মজলিশের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিশ বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশের শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক দেশের চলমান বিভিন্ন সংকট ও জনদুর্ভোগ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। বিশেষ করে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এসব সংকটের কারণে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তিনি গণভোট বাস্তবায়নের বিষয়ে জোরালো বক্তব্য দেন এবং জনগণের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে তিনি আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত লং মার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
আল্লামা মামুনুল হক বলেন, জনগণের অধিকার ও দাবি প্রতিষ্ঠার জন্য মাঠের কর্মসূচি ও আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। এসময় তিনি লং মার্চ কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় শুরা সদস্য ও বান্দরবান দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আবু তৈয়্যব হোসেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ খেলাফত মজলিশ বান্দরবান দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান আজাদ।
এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মো. ইব্রাহিম এবং এনসিপির আহ্বায়ক নাজমুল হাসান। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থ ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বক্তব্য তুলে ধরেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নাত ও গজল পরিবেশন করেন। এতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নাগরিক সমাবেশকে কেন্দ্র করে লামা পৌর বাস টার্মিনাল এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন সংকট নিরসন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। প্রধান অতিথি আল্লামা মামুনুল হকের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের মূল পর্ব শেষ হয়।